ঢাকা–মালে সম্পর্ক জোরদারে জোর, বাংলাদেশি কর্মসংস্থান বাড়ানোর আহ্বান।
ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ (Shiuneen Rasheed)। বুধবার বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠককালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। এ সময় পর্যটন, মানবসম্পদ ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা
বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মালদ্বীপে আরও বেশি বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও তাদের স্বার্থ সংরক্ষণের অনুরোধ করেন।
উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।