সুনামগঞ্জে ভারতীয় ফুচকা কাভার্ডভ্যান ভর্তি জব্দ, গেপ্তার ২।
এরশাদুল হক
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে চোরা-চালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ফুচকা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এ সময় চোরা-চালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ফুচকা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৭টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার পল-াশ বাজার এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামাত এলাকার আরিফ শেখ (৩৪), তার বাবা শেখ মো. ফারুক এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার জিহাদ ফাকির (৩৪), তার বাবা আব্দুল করিম ফকির।
ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহজনক একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্ল-াশি চালানো হলে এতে ভারতীয় ফুচকা পাওয়া যায়।
পরে চোরাকারবারি দুইজনকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, কাভার্ডভ্যান থেকে ১১০টি প্লাস্টিকের বস্তায় মোট ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে। প্রতিটি বস্তায় প্রায় ৩৫ কেজি করে ফুচকা ছিল।
জব্দ করা ফুচকার আনুমানিক মূল্য প্রতি কেজি ৪০০ টাকা হিসেবে মোট ১৫ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া ফুচকা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১৬-৯৭৭৮ নম্বরের কাভার্ডভ্যান-টির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।
সব মিলিয়ে জব্দ করা ফুচকা ও কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ৬৫ লাখ ৪০ হাজার টাকা।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, এ ঘটনায় বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ওসি ( ডিবি) হযরত আলী বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এই অভিযান নিয়মিতই পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকেও জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মাহমুদুল হাসান, এএসআই খাদেমুল ইসলাম, কনস্টেবল ফরিদ মিয়া, দীপক মুন্ডা ও মোশারফ হোসেনসহ পুলিশের সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করা হয়।