৪ নং শাল্লা ইউনিয়ন নির্বাচন: ২৬ দফা কর্মপরিকল্পনা নিয়ে মাঠে মাওলানা নাজমুল ইসলাম জাহিদ
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
মোঃ দিলুয়ার হোসেন
আসন্ন ৪ নং শাল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নাজমুল ইসলাম জাহিদ নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল ও জনমুখী করতে সাতপাড়া বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ এবং প্রবীণ মুরব্বিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এলাকার প্রবীণ মুরব্বি, বিশিষ্ট গুণীজন ও শুভাকাঙ্ক্ষীদের একটি প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে সাতপাড়া বাজার এবং এর আশপাশের পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। এ সময় তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সাধারণ মানুষের অভাব-অভিযোগ, নাগরিক প্রত্যাশা ও দৈনন্দিন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
একই সঙ্গে অভিজ্ঞ ব্যক্তিবর্গের সঙ্গে এলাকার সামাজিক সম্প্রীতি রক্ষা, জনকল্যাণ এবং ভবিষ্যৎ টেকসই উন্নয়ন পরিকল্পনা নিয়ে দীর্ঘক্ষণ মতবিনিময় করেন।
এর আগে ইউনিয়নের প্রতিটি গুরুত্বপূর্ণ বাজার, হাট ও জনবহুল পয়েন্টে তাঁর প্রস্তাবিত ২৬ দফা নির্বাচনী কর্মপরিকল্পনা সম্বলিত ফেস্টুন ও লিফলেট বিতরণ ও টানানো হয়। এই কর্মপরিকল্পনায় এলাকার সার্বিক উন্নয়ন, উন্নত নাগরিক সেবা নিশ্চিতকরণ, তরুণ সমাজের উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন যুগোপযোগী উদ্যোগের রূপরেখা তুলে ধরা হয়েছে।
গণসংযোগকালে মাওলানা নাজমুল ইসলাম জাহিদ সাংবাদিকদের বলেন, “একটি অবহেলিত জনপদের প্রকৃত ও টেকসই উন্নয়নের জন্য দলমতের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের মতামত এবং অভিজ্ঞতার মেলবন্ধন প্রয়োজন।
মানুষের দোরগোড়ায় পৌঁছে তাদের না পাওয়ার বেদনা ও প্রত্যাশার কথা শোনা এবং সেই আলোকে বাস্তবসম্মত ও জনবান্ধব কর্মপরিকল্পনা বাস্তবায়ন করাই আমার মূল লক্ষ্য।”
গণসংযোগ ও মতবিনিময় সফল করতে যারা বিভিন্নভাবে সময়, শ্রম ও মূল্যবান পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আসন্ন ইউপি নির্বাচনে ৪ নং শাল্লা ইউনিয়নের আপামর জনসাধারণের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।