তাজা খবর
বিজ্ঞাপন

ধামইরহাট-মঙ্গলবাড়ী-জয়পুরহাট সড়কের বেহাল দশা চার বছরেও শেষ হয়নি কাজ, দুর্ভোগে হাজারো মানুষ

Desk Editor 2 hours আগে | ০৫:০৯ PM

ধামইরহাট-মঙ্গলবাড়ী-জয়পুরহাট সড়কের বেহাল দশা

 

চার বছরেও শেষ হয়নি কাজ, দুর্ভোগে হাজারো মানুষ

 

বিজ্ঞাপন

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাট থেকে মঙ্গলবাড়ী হয়ে জয়পুরহাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। কোথাও উঠে গেছে পিচ, আবার কোথাও তৈরি হয়েছে গভীর গর্ত। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে সড়কটি হয়ে পড়ে আরও ঝুঁকিপূর্ণ। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন এ পথে চলাচলকারী হাজারো মানুষ।

বিজ্ঞাপন

 

স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনও চলাচল করে এ সড়কে। তবে দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে তাদের।

 

বিজ্ঞাপন

বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যানচালকদের দুর্ভোগ সবচেয়ে বেশি। গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। বৃষ্টির পর গর্তে পানি জমে থাকায় অনেক সময় বোঝার উপায় থাকে না কোথায় গর্ত, কোথায় সড়ক।

 

স্থানীয় বাসিন্দা আমিনুর রহমান বলেন, রাস্তাটির কাজ প্রায় চার বছর আগে শুরু হয়েছিল। বিভিন্ন জায়গায় কাটাকাটি করলেও মাঝপথে এভাবে ফেলে রাখা হয়েছে। এখন রাস্তায় চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। ছোট গাড়িগুলোও গর্তে পড়ে উল্টে যায়। বর্তমানে বৃষ্টি হওয়ায় গর্তে পানি জমে নতুন নতুন গর্ত তৈরি হচ্ছে। দ্রুত কাজ শেষ হলে আমাদের শান্তি।

বিজ্ঞাপন

 

ভ্যানচালক মিলন বলেন, ভারী মালামাল নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করি। গর্ত এত বেশি যে ভ্যান পার করতে গেলে অনেক সময় লোকজনের সহায়তা নিতে হয়। কখনো কখনো অটোরিকশা থামিয়ে তাদেরও সহযোগিতা নিতে হয়। রাস্তাটি দ্রুত ঠিক করা হলে আমাদের জন্য খুব ভালো হয়।

 

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারের উদ্যোগ কয়েকবার নেওয়া হলেও তা স্থায়ী হয়নি। কোথাও সংস্কারকাজ শুরু হলেও কিছুদিন পর আবার কাজ বন্ধ হয়ে যায়। ফলে কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন অংশ আবারও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।

 

এ অবস্থায় স্থানীয়দের প্রশ্ন, বারবার সংস্কারের উদ্যোগ নেওয়ার পরও কেন সড়কটির স্থায়ী সমাধান হচ্ছে না? তাদের দাবি, জোড়াতালি দিয়ে সাময়িক মেরামত না করে সড়কটির টেকসই সংস্কার করতে হবে এবং দ্রুত কাজ শেষ করতে হবে।

বিজ্ঞাপন

 

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার সোহানুর রহমান বলেন, জমি অধিগ্রহণসহ বেশ কিছু সমস্যার কারণে কাজ করতে আমাদের সময় লাগছে। তবে খুব দ্রুত কাজ শেষ করা হবে।

 

বিজ্ঞাপন

সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন, সব সমস্যা সমাধান করে খুব দ্রুত কাজ আবারও শুরু করা হবে।

 

ধামইরহাট-মঙ্গলবাড়ী-জয়পুরহাট সড়কটি জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে দ্রুত সংস্কারকাজ শুরু ও শেষ করে নিরাপদ এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ