নিজস্ব প্রতিবেদক | মুন্সীগঞ্জ
আসন্ন বেতকা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় বইছে নতুন হাওয়া। দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের মুখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বারবার উঠে আসছে বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন শিকদার-এর নাম।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন তিনি। বিশেষ করে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক বিরোধ নিষ্পত্তিতে তাঁর ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, মোয়াজ্জেম হোসেন শিকদার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল হবে এবং ইউনিয়ন পরিষদ হবে একটি সেবামূলক ও স্বচ্ছ প্রতিষ্ঠান।
স্থানীয় ভোটারদের একটি বড় অংশের দাবি, আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও কর্মঠ নেতৃত্বের প্রয়োজন। আর সেই মাপকাঠিতে মোয়াজ্জেম হোসেন শিকদারকে যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন তাঁরা।
তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ—সব শ্রেণি-পেশার মানুষের কাছেই তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
এ বিষয়ে আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন শিকদার জানান, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবা করার চেষ্টা করছি। ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার চলার পথের পাথেয়।
দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যদি আমাকে যোগ্য মনে করে দায়িত্ব অর্পণ করেন, তবে আমি বেতকা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করব।”
নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে তাঁর অনুসারীরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে স্থানীয় রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন।