বাহুবলে কভার্ডভ্যান ও গ্যাস ফিল্ডের মালামাল ছিনতাই, গ্রেপ্তার ১
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে কভার্ডভ্যান ও গ্যাস ফিল্ডের প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৯।
শনিবার (১৭ অক্টোবর) শায়েস্তাগঞ্জ থানার চৌধুরী ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে সজল মিয়া (৩৪) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের বাসিন্দা।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে ঢাকা এয়ারপোর্ট কার্গো ভিলেজ থেকে বিবিয়ানা ও জালালাবাদ গ্যাস ফিল্ডের মালামাল নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হন কভার্ডভ্যানচালক মো. মিন্টু মিয়া। ১ অক্টোবর রাত পৌনে ২টার দিকে বাহুবলের দৌলতপুর ব্রিজ এলাকায় একটি ডিআই পিকআপ দিয়ে তিন ব্যক্তি কভার্ডভ্যান-টির গতিরোধ করেন। পরে অস্ত্রের ভয় দেখিয়ে চালককে মা-রধর ও হাত-মুখ বেঁধে কভার্ডভ্যান-টি নিয়ে পালিয়ে যান তারা।
পথে নবীগঞ্জের সদরঘাট নতুন বাজার এলাকায় চালককে রাস্তার পাশে ফেলে রেখে কভার্ডভ্যান ও মালামাল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় কভার্ডভ্যানের মালিক মো. হানিফ মিয়া বাহুবল থানায় মামলা করেন।
এসআরবি-৯ জানায়, মামলার পর ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সজল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।